
যশোর প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর কাছে ব্যাখ্যা তলব করেছে নির্বাচন কমিশনের অধীন নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।
বুধবার (২৭ জানুয়ারি) যশোর জেলা নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় থেকে জারি করা পৃথক দুটি নোটিশে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী প্রচারণাকালে বিএনপি প্রার্থীর ব্যবহৃত বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও পোস্টার বিদ্যুতের খুঁটি ও গাছে পেরেক দিয়ে লাগানো হয়েছে এবং রঙিন ফেস্টুন ব্যবহার করা হয়েছে, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫ এর একাধিক ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
এছাড়া অনুমোদনহীন স্থানে প্রচারসামগ্রী স্থাপন ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগও আনা হয়। সংযুক্ত ছবিসহ প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে এই নোটিশ প্রদান করা হয়েছে বলে জানানো হয়।
নোটিশ অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৩টায় যশোর জেলা ও দায়রা জজ আদালত ভবনের তৃতীয় তলায় অবস্থিত নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ বিভাগ ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো প্রকার অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


