
যশোর প্রতিনিধি:
যশোরের চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশের সংস্কার ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তিনি দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর প্রতি নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সড়কের নির্মাণকাজে ঠিকাদার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা করার পাশাপাশি কাজের মান যেন বজায় থাকে, সেদিকেও স্থানীয়দের নজর রাখতে হবে। জনগণের সহযোগিতায় উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে ও মানসম্মতভাবে সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জানা গেছে, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ কর্মসূচির আওতায় এলজিইডি যশোর ৩ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২২০ টাকা ব্যয়ে চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশের সংস্কার ও প্রশস্তকরণ কাজ বাস্তবায়ন করছে। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে মেসার্স সরদার ইন্টারন্যাশনাল।


