
নিউজ ডেস্ক :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১নং চরমজব্বর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অভিযোগকে “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” দাবি করে প্রতিবাদ ও বিবৃতি দিয়েছে স্থানীয় জামায়াত।
শনিবার প্রকাশিত এক লিখিত বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং চরমজব্বর ইউনিয়নের সেক্রেটারি মুজাহিদুল আহমেদ বলেন, সম্প্রতি রামগতি ও পার্শ্ববর্তী ইউনিয়নের কয়েকটি মাদরাসার সরকারি বরাদ্দকৃত চাল নিয়ে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এতে জামায়াতের ৯নং ওয়ার্ড সভাপতি ও পল্লী চিকিৎসক আব্দুস সামাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট চালগুলো সম্পূর্ণ বৈধ প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র অনুসরণ করে বিভিন্ন মাদরাসা থেকে ক্রয় করা হয়েছে। চাল ক্রয়ের সঙ্গে জড়িত ব্যক্তি হিসেবে ডিলার আলী আজগরের নাম উল্লেখ করা হয়।
যেসব মাদরাসা থেকে চাল ক্রয় করা হয়েছে বলে দাবি করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—
শিক্ষাগ্রাম দাখিল উলুম ইসলামিয়া মাদরাসা
আলহাজ্ব উলুম ইসলামিয়া নুরানী মাদরাসা
ইখলাস নুরানী কওমী মাদরাসা
বিবৃতিতে আরও বলা হয়, চাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে আব্দুস সামাদের কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডকে “ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ” উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
জামায়াত নেতারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে কাউকে হয়রানি না করারও আহ্বান জানানো হয়।


