
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বোয়ালমারী বাজার এলাকায় এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-১ আসনের দুই সম্ভাব্য মনোনয়নপ্রার্থী—সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনুর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষই আলাদাভাবে ৭ নভেম্বরকে কেন্দ্র করে পৃথক কর্মসূচির ঘোষণা দেয়।
বিকেল সাড়ে ৪টার দিকে দুই পক্ষের শত শত নেতাকর্মী বোয়ালমারী বাজারে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পর ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। স্থানীয়দের দাবি, খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে প্রতিপক্ষ শামসুদ্দিন মিয়া ঝুনু সমর্থিতদের অফিসে হামলা চালায়। এ সময় অফিসে অগ্নিসংযোগ করা হয় এবং আশপাশের অন্তত ৮-১০টি দোকান ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধরা ৮-১০টি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়।
প্রায় এক ঘণ্টা ধরে চলতে থাকে এই তাণ্ডব। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষুব্ধদের বাধার মুখে পড়ে তাদের গাড়ি ফিরে যেতে বাধ্য হয়। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে।


