
বগুড়া প্রতিনিধি :
আগামী ৯ এপ্রিল বগুড়া সদর-৬ আসনের উপনির্বাচনকে সামনে রেখে বগুড়া শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের এসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসাইন সাঈদী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য উপনির্বাচনকে ঘিরে কোনো ধরনের ভোট ইঞ্জিনিয়ারিং বরদাস্ত করা হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোট কারচুপির চেষ্টা করা হলে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং উপযুক্ত জবাব দেওয়া হবে।
সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের আমীর ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। তিনি বলেন, বগুড়ার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় আগামী ৯ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে হবে। তিনি সন্ত্রাস ও চাঁদাবাজি রুখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সমাবেশটি বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


