
নিউজ ডেক্স :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের কোনো রোগীকেই আর হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে হবে না।” তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যেমন পল্লী চিকিৎসকদের মাধ্যমে গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছিল, তেমনি আগামীতে প্রতিটি ঘরে ঘরে হেলথ কেয়ার ব্যবস্থা গড়ে তোলা হবে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্পে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “গ্রামের প্রতিটি পরিবারের মাকে একটি চিকিৎসা কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে পরিবারের শিশু থেকে বৃদ্ধ—সবাই চিকিৎসাসেবা পাবেন। আমরা চাই মানুষ যেন হাসপাতালে শয্যা না পেয়ে বারান্দায় চিকিৎসা নিতে বাধ্য না হন।”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে চিকিৎসা খাতে আমূল পরিবর্তন আনা হবে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও দরিদ্রদের জন্য চিকিৎসার সুযোগ রাখা হবে। একই সঙ্গে দেশের প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বড় ধরনের পরিকল্পনা নেওয়া হবে।”
রাজনীতি সম্পর্কে তারেক রহমান বলেন, “আমরা রাজনীতি করি মানুষের জন্য—শিক্ষা, নারীর ক্ষমতায়ন, কৃষি উন্নয়ন ও স্বাস্থ্যসেবার মাধ্যমে একটি মানবিক রাষ্ট্র গড়ার লক্ষ্যেই আমাদের আন্দোলন।” তিনি সবাইকে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের সেবক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের সহ-সভাপতি ও কার্ডিওলজিস্ট ডা. জোবাইদা রহমান বলেন, “জিয়াউর রহমান ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। স্বল্প সামর্থ্য নিয়েও অসংখ্য মানুষের জীবনে আলো এনেছে এই সংগঠন।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, “আগামী দিনে আন্তর্জাতিক পরিসরেও মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে।”
বগুড়ার বাগবাড়ি শহিদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ওই স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা ও বগুড়ার বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় ৭ থেকে ৮ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও পরামর্শ প্রদান করেন।


