
নিজস্ব প্রতিবেদক :
বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীসহ দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটি বর্ধিত বিদ্যুতের মূল্য অবিলম্বে প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।
বুধবার এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় নেতারা জানান, বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার রাজধানীসহ দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে প্রায় ২০ শতাংশ মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে এমনিতেই নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ চরম সংকটে রয়েছে। এর মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনের দুর্ভোগ আরও বাড়িয়ে দেবে।
মিয়া গোলাম পরওয়ারের দাবি, নতুন বিদ্যুৎ মূল্যহার কার্যকর হলে শিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন খাতে ব্যয় বৃদ্ধি পাবে। এর প্রভাব বাজারে চাল, ডাল, ভোজ্যতেলসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দামের ওপর পড়বে এবং সামগ্রিকভাবে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।
তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় ও অনিয়মের দায় সাধারণ জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। জনগণের স্বার্থকে উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বিদ্যুৎ খাতে সুশাসন নিশ্চিত, দুর্নীতি বন্ধ এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বর্ধিত বিদ্যুতের মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেন।
দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সময়ে দেশের অন্যান্য মহানগরেও অনুরূপ কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়েছে।


