
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে যশোর জেলা আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা। এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) যশোর শহরের মনিহারসংলগ্ন ৮৮/৪ নীলগঞ্জ, নড়াইল রোডস্থ জেলা আমিরের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় যোগ দিতে বাসভবনে পৌঁছালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন-কে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান অধ্যাপক গোলাম রসুল ও স্থানীয় নেতারা।
পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম কুদ্দুস, যশোর জুলাই আন্দোলনের অন্যতম নেতা শোয়াইব হোসেন, জামায়াত নেতা বদরুজ্জামান, ১ নম্বর ওয়ার্ড সভাপতি শেখ আহমদ আলী মুকুলসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।


