
চৌগাছা প্রতিনিধি :
যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরীকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। ১৭ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় চৌগাছার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের বিষয়ে যশোরের ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী জানিয়েছেন, মেহেদি মাসুদ চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে।
পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মেহেদি মাসুদ চৌধুরী অস্ত্রের মহড়ার মাধ্যমে উপজেলার রাজপথ দখল করে আন্দোলন দমন করার চেষ্টা করেন। তাঁর নির্দেশে ছাত্রলীগের নেতৃবৃন্দ উপজেলা ছাত্র শিবির ও ছাত্রদলের নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়। এছাড়া তিনি যশোর জেলা বিএনপির অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত।
মেহেদি মাসুদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে অপারেশন ‘ডেভিল হান্ট হান্ট-২’-এর অংশ হিসেবে। এ ঘটনায় ডেভিল হান্ট অভিযান-১ এর প্রথম পর্বে চলতি বছরের ২৮ এপ্রিল তাকে ফুলসারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে আটক করা হয়েছিল।


