
শার্শা প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির শার্শা আদর্শ শাখার উদ্যোগে ১৬ দলীয় ব্যাটমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে আয়োজিত এই টুর্নামেন্টে শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলগুলো অংশগ্রহণ করে।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় উলাশী ইউনিয়নের ৩নং দল চ্যাম্পিয়ন এবং শার্শা ইউনিয়নের ৯নং ওয়ার্ড দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও শার্শা গণমানুষের নেতা মাওলানা আজীজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজীজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির যশোর জেলা পশ্চিমের সেক্রেটারি খালিদ ইবনে খলিল। এছাড়াও উপস্থিত ছিলেন এইচআরডি সম্পাদক আবু জার, জামায়াতে ইসলামীর শার্শা থানা আমীর উপাধ্যক্ষ মাওলানা ফারুক হাসান, থানা সেক্রেটারি জাহাঙ্গীর আলম, ছাত্র শিবির শার্শা আদর্শ থানার সভাপতি হাদিউজ্জামান জুয়েল, সেক্রেটারি মেহেদী হাসানসহ দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথি মাওলানা আজীজুর রহমান তার বক্তব্যে বলেন, “মহান বিজয় দিবস আমাদের ইতিহাস ও স্বাধীনতার চেতনাকে স্মরণ করিয়ে দেয়। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের টুর্নামেন্ট শুধু খেলাধুলার জন্য নয়, বরং দলগত সহযোগিতা, নেতৃত্বগুণ ও নৈতিক মান তৈরি করার ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর। আমাদের লক্ষ্য, তরুণ সমাজকে সুস্থ ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলা।”
বক্তারা আরও বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। তরুণ সমাজকে সুস্থ বিনোদন ও শারীরিক চর্চার মাধ্যমে নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতেই এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


