
যশোর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সরকারের বরাদ্দকৃত সম্মানির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে জামায়াতে ইসলামীর দুই স্থানীয় নেতাকে দলের সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাতে দলীয় সিদ্ধান্তে তাদের অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন—কেশবপুর উপজেলার ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লা।
দলীয় সূত্রে জানা গেছে, সরকারি সম্মানির তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ ওঠার পর বিষয়টি খতিয়ে দেখতে প্রাথমিক তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংগঠনের ভাবমূর্তি রক্ষায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই নেতাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে তারা জামায়াতে ইসলামীর কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম বা দায়িত্বে সম্পৃক্ত থাকতে পারবেন না।
দলীয় সূত্রের দাবি, সংগঠনের অভ্যন্তরে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতেই অভিযোগের প্রাথমিক তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


