
নিউজ ডেক্স :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ১০৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এর মধ্যে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে দলটির মনোনয়ন পেয়েছেন রিপন মাহমুদ।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় রিপন মাহমুদ বলেন, “এবি পার্টি শুধু ভোটের জন্য নয়, একটি আদর্শ রাজনৈতিক পরিবর্তনের জন্য কাজ করছে। ইনশাআল্লাহ, এবি পার্টি আগামীর বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে। আমি কৃতজ্ঞ কেন্দ্রীয় নেতৃত্ব, নির্বাচনী বাছাই কমিটি, চৌগাছা-ঝিকরগাছার নেতৃবৃন্দ ও জনগণের প্রতি, যারা আমাকে যশোর-২ আসনে মনোনীত করেছেন।”
এর আগে বৃহস্পতিবার (অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর পল্টনের ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
এ সময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রার্থী ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “মনোনয়ন প্রক্রিয়ায় আমরা প্রার্থীর দলীয় সম্পৃক্ততা, জনপ্রিয়তা, শিক্ষা, সামাজিক অবস্থান এবং জনসেবামূলক কর্মকাণ্ডের উপর গুরুত্ব দিয়েছি। এবি পার্টি নতুন রাজনীতির ধারা তৈরি করতে চায়—যেখানে জনগণের স্বার্থই হবে মূল ভিত্তি।”
চৌগাছা-ঝিকরগাছা অঞ্চলে এবি পার্টির এই নতুন প্রার্থী ঘোষণায় স্থানীয়ভাবে দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।


