
ঝিকরগাছা প্রতিনিধি:
বর্তমান সময়ে যুবসমাজকে মোবাইল গেম ও জুয়া-আসক্তি থেকে দূরে রাখতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহউদ্দীন ফরিদ।
তিনি বলেন, “খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, এটি যুবসমাজকে নেশা, মোবাইল গেম ও জুয়ার মতো ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখে। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি গড়ে ওঠে। তাই গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড়সহ দেশীয় খেলাধুলার আয়োজন আরও বাড়াতে হবে।”
শুক্রবার (২৬ জুন) বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের ইস্তা ইকরা ইসলামিক একাডেমি সংলগ্ন মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঈদুল আজহার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলাকে উৎসাহিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাকে ঘিরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সহকারী অধ্যাপক শফিকুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা আসাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নুল আবেদীন, হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা মোজাম্মেল হক, বাঁকড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট হাবিব খায়সার এবং মো. মুজাহিদুল ইসলাম।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোট পাঁচটি পুরস্কার ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় ১৫ হাজার টাকা, তৃতীয় ৮ হাজার টাকা, চতুর্থ ৫ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার ৩ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানের বক্তারা বলেন, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার কার্যকর উপায়। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং যুবসমাজকে সুস্থ সাংস্কৃতিক ও ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


