
ডেক্স রিপোর্ট :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজীজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে হাজারো মোটরসাইকেলের বিশাল শোডাউন। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় শার্শা মিনি স্টেডিয়াম থেকে এই শোডাউনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
শতশত মোটরসাইকেলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শার্শা মিনি স্টেডিয়াম থেকে যাত্রা করে শার্শা বাজার, নাভারণ, বেনাপোলসহ উপজেলার ১১টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করেন। পথে পথে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। বিভিন্ন এলাকার উৎসুক জনতা শোডাউনটি এক নজর দেখার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন। অবশেষে শার্শা বাজারে মহাসমারোহে শোডাউনটির সমাপ্তি ঘটে।
শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেন,
“আগামী দিনে শার্শাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। উন্নয়ন ও সব ভালো কাজের সঙ্গে থাকব।”
এ সময় উপস্থিত ছিলেন—
যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান,
সাবেক জেলা আমির রেজাউল করিম,
শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান,
উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম,
কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা।
রাজনৈতিক মাঠ গরম হয়ে উঠতে শুরু করা এ মুহূর্তে শার্শায় এই মোটরসাইকেল শোডাউনকে স্থানীয় রাজনীতিতে একটি বড় ধরনের শক্তি-প্রদর্শনী হিসেবে দেখা হচ্ছে। স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এ ধরনের বিশাল শোডাউন আর দেখা যায়নি, যা নির্বাচনী সমীকরণেও প্রভাব ফেলতে পারে।


