
নিজেস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগরীর শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি তার বক্তব্যে ঈদের শিক্ষা থেকে ঐক্য, ভ্রাতৃত্ব ও সংগঠনের শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও জনশক্তি অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষাংশে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


