
স্টাফ রিপোর্টার:
শেরপুর-৩ আসনের চলমান উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী মাসুদুর রহমান। সুষ্ঠু পরিবেশ না থাকায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাসুদুর রহমান অভিযোগ করেন, বিভিন্ন ভোটকেন্দ্রে তার প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এছাড়া জাল ভোট প্রদান এবং প্রকাশ্যে সিল মারার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, এসব অনিয়মের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহিত করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ফলে সুষ্ঠু ভোটগ্রহণ সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
এ পরিস্থিতিতে বিকেল ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন এই প্রার্থী।
এর আগে একই দিনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের মহাসচিব মিয়া গোলাম পরওয়ার বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ঘিরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন।
উল্লেখ্য, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
প্রার্থীর মৃত্যুর কারণে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটগ্রহণ হয়নি। সে কারণে বৃহস্পতিবার এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


