
নিউজ ডেস্ক :
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে মসজিদ কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে যুবদল সদস্য ও তার ছেলের বিরুদ্ধে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার ৮ নম্বর দেয়াড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মঠবাড়ি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঠবাড়ি দক্ষিণপাড়া জামে মসজিদ কমিটির বর্তমান সভাপতি রোকনুজ্জামান কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন— ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম, তার ছেলে ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমেল, একই গ্রামের রাসেল ও মাসুদ রানা।
লিখিত অভিযোগে রোকনুজ্জামান জানান, মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শফিকুল ইসলাম সভাপতি হওয়ার চেষ্টা চালালেও এলাকাবাসী তাকে মনোনীত না করে রোকনুজ্জামানকে দায়িত্ব দেয়। এতে ক্ষুব্ধ হয়ে শফিকুল ও তার সহযোগীরা বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার দুপুর ৩টার দিকে শফিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে রোকনুজ্জামানের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয় এবং তার বাবা রবিউল ইসলাম ও মা আফিয়া বেগমকে মারধর করা হয়। হামলায় তারা আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রোকনুজ্জামানের মা আফিয়া বেগম বলেন, “হঠাৎ করে তারা বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করে এবং আমাদের মারধর করে।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শফিকুল ইসলাম। তিনি বলেন, “আমরা শুধু কথা বলতে তাদের বাড়িতে গিয়েছিলাম। জমিজমা সংক্রান্ত আগের একটি বিরোধ রয়েছে। তবে কোনো হামলা বা মারামারির ঘটনা ঘটেনি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম পূর্বে আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি যুবদলের রাজনীতিতে সক্রিয় হয়েছেন বলে এলাকাবাসীর মধ্যে আলোচনা রয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


