
নিউজ ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে অনুষ্ঠিত ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনার জেরে চারজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন— শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার ধানমন্ডি জোনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য প্রদানকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটে। ঘটনার পরপরই জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান এবং কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়।
এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে তাৎক্ষণিকভাবে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট চারজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


