
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৯টি ওয়ার্ডের মেম্বার প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টায় শংকরপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে দলীয় নেতৃবৃন্দ এ প্রার্থীদের নাম ঘোষণা করেন। সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম। এছাড়া উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে ঘোষিত প্রার্থীরা হলেন— ১নং ওয়ার্ডে আনারুল ইসলাম, ২নং ওয়ার্ডে এনামুল হক (লাল্টু), ৩নং ওয়ার্ডে আইয়ুব হোসেন, ৪নং ওয়ার্ডে আব্দুল গফফার, ৫নং ওয়ার্ডে আব্দুল হাকিম, ৬নং ওয়ার্ডে ফয়জুর রহমান, ৭নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক, ৮নং ওয়ার্ডে জামিরুল ইসলাম এবং ৯নং ওয়ার্ডে সাজু আহম্মেদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্থানীয় সরকারে সৎ, দক্ষ ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারা নির্বাচনী প্রস্তুতি জোরদার করার পাশাপাশি জনগণের আস্থা ও সমর্থন অর্জনে প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
কর্মী সম্মেলন শেষে নবঘোষিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


