
ডেস্ক রিপোর্ট:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রাথমিকভাবে ১০০ আসনে মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে।
রোববার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবি পার্টি আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় রাজধানীর তোপখানা রোডের ফারইষ্ট টাওয়ার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে একশত আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করবে। একই দিন মনোনীত প্রার্থীদের নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে।
এতে আরও জানানো হয়, নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে পার্টির দু’জন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে গঠিত প্রার্থী বাছাই কমিটি দীর্ঘ যাচাই-বাছাই শেষে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক সভায় সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রথম পর্যায়ে ১০০ আসনে প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
দলের পক্ষ থেকে আরও বলা হয়, গত মাসে আগ্রহী প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সর্বাধিক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এই প্রাথমিক তালিকা ঘোষণা করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ের যাচাই-বাছাই শেষে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।


