
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব বলেছেন, উপদেষ্টা মাহফুজ আলমের উচিত সরকার থেকে পদত্যাগ করে সরাসরি এনসিপির রাজনীতিতে যোগ দেওয়া।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এ মন্তব্য করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে মাহফুজ আলমের ফেসবুক পোস্ট প্রসঙ্গে প্রশ্ন করা হলে ড. গালিব বলেন, “অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে মাহফুজ আলমের মূল দায়িত্ব হলো সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এনসিপির রাজনৈতিক কার্যক্রম কীভাবে চলবে, সেটা তার এখতিয়ারের মধ্যে পড়ে না।”
তিনি আরও বলেন, “যদি মাহফুজ আলম এনসিপির বিষয়ে এতটাই কনসার্ন হন, তাহলে তার উচিত সরকার থেকে পদত্যাগ করে সরাসরি এনসিপির রাজনীতিতে যোগ দেওয়া। যেমন নাহিদ রাজনীতিতে গেছেন। সরকারে থেকে আবার এনসিপিকে সুপারভাইজ করা সম্পূর্ণ অনৈতিক। এটা করলে তার এক মুহূর্তের জন্যও সরকারে থাকার নৈতিক অধিকার থাকবে না।”
এর আগে তথ্যমন্ত্রী মাহফুজ আলম নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আরেকটি মওদুদপন্থী প্রক্সি দলের প্রয়োজন নেই। ইতোমধ্যেই অর্ধ ডজন প্রক্সি কাজ করছে। নতুন কিছু যোগ হবে না। বরং— পুনঃসংজ্ঞায়িত করো, পুনর্গঠিত করো এবং পুনরুদ্ধার করো।


