
ডেক্স রিপোর্ট :
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, ১৭ সেপ্টেম্বর শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি BPM–৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৬.৮ বিলিয়ন ডলার।
এর আগে ১৪ সেপ্টেম্বর রিজার্ভ ছিল ৩০.৫৯ বিলিয়ন ডলার। গত ৭ সেপ্টেম্বর প্রায় দেড় বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ ‘আকু’কে (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) পরিশোধের ফলে রিজার্ভ কমে দাঁড়িয়েছিল ৩০.৩০ বিলিয়ন ডলারে।
বিশ্বমানদণ্ড অনুযায়ী, একটি দেশের অন্তত তিন মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ রিজার্ভ থাকা উচিত। এই প্রেক্ষাপটে বাংলাদেশ বর্তমানে প্রায় সীমান্ত রেখা অতিক্রম করে কিছুটা স্বস্তির অবস্থানে আছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যয়যোগ্য নিট রিজার্ভ (NIR) প্রায় ২১ বিলিয়ন ডলার, যা দিয়ে প্রতি মাসে প্রায় ৫.৫ বিলিয়ন ডলার খরচ ধরে চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। তবে পরবর্তী সময়ে অর্থপাচার, কোভিড–১৯ পরবর্তী আমদানি ব্যয় বৃদ্ধি ও বাণিজ্য ঘাটতির কারণে রিজার্ভ কমতে থাকে।


