
ডেক্স রিপোর্ট :
বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনকে পুরো মৌসুম খেলতে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে বিপিএল না খেলে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে পারবেন তিনি।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, “রিশাদকে ফুল সিজনের জন্য এনওসি দেয়া হয়েছে। বিপিএল খেলার চেয়ে বিগ ব্যাশে খেললে তার ক্যারিয়ারের উন্নতি হবে, তাই তাকে ফুল সিজন খেলার অনুমতি দেয়া হয়েছে।”
গত আসরে ড্রাফট থেকে রিশাদকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএলের কারণে যেতে পারেননি তিনি। এবারও লেগস্পিনারের ওপর আস্থা রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
হোবার্টের হেড অব স্ট্র্যাটেজি হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে রিশাদের পারফরম্যান্স দেখে তাকে দলে নেয়ার পরামর্শই দিয়েছিলেন তিনি। ড্রাফটের টেবিলে ছিলেন হাই পারফরম্যান্স ইউনিটের জেনারেল ম্যানেজার স্যালিয়ান বিমস, যিনি তাসমানিয়া ক্রিকেটের জেনারেল ম্যানেজারের দায়িত্বও পালন করছেন।
এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে আলো ছড়িয়েছিলেন রিশাদ। এবার বিগ ব্যাশে পুরো মৌসুম খেলার সুযোগ পাওয়া তার ক্যারিয়ারের জন্য বড় মাইলফলক বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।


