
শার্শা প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকারি দপ্তর ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করা হয়।
রবিবার (৭ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, “গ্রাম আদালত গ্রামীণ মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী বিচারপ্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ছোটখাটো বিরোধ নিয়ে যাতে মানুষ দীর্ঘমেয়াদি মামলা-মোকদ্দমায় জড়িয়ে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।”
তিনি আরও বলেন, “অনেকেই গ্রাম আদালতের কার্যক্রম ও বিচারিক ক্ষমতা সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। তাই সঠিক প্রচার-প্রচারণা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।”
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশান-ই-জাহান, উপজেলা কো-অর্ডিনেটর রুহুল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।
এছাড়া বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে সচেতনতামূলক প্রচারণা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে সমন্বয় জোরদার এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা গ্রামীণ জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।


