
ডেক্স রিপোর্ট :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “জামায়াত ইসলামীকে আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল মনে করি।” বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মির্জা আব্বাস বলেন, “জামায়াতের জন্য আওয়ামী লীগই ভালো ছিল। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল, তারা আজ ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। এসব নাটক করে দেশের মানুষকে বোকা বানানো যাবে না।”
সরকার ও জামায়াত উভয় দলের সমালোচনা করে তিনি আরও বলেন, “কোনও ভদ্রলোকের সঙ্গে তারা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্রের দল, আর এরা (জামায়াত) অসভ্য দল। এরা মওদুদীবাদে বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে না।”
বাংলাদেশের জনগণ সম্পর্কে তিনি মন্তব্য করেন, “বাংলাদেশের মানুষ খুব শিক্ষিত না হলেও বোকা নয়। তারা সত্য-মিথ্যা বুঝতে পারে।”
এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।


