
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় যশোরের ঝিকরগাছা উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থনের স্পষ্ট চিত্র উঠে এসেছে। উপজেলার গদখালী ইউনিয়নের ব্যস্ত বারাকপুর বাজারে অনুষ্ঠিত পথসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা সুলতানা পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। সভায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
বক্তব্যে সাবিরা সুলতানা বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরে বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।
পথসভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ধানের শীষ প্রতীকের প্রতি তাদের আস্থা ও সমর্থন প্রকাশ করেন। স্থানীয়দের মতে, এই পথসভা নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে গণজোয়ারের বার্তা দিয়েছে।


