
স্টাফ রিপোর্টার :
ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থাকা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন।
মনোনয়নপত্র বাতিলের ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা জানান, তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি মোকাবিলা করা হবে এবং ন্যায়বিচার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে গত ২৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেন ডা. তাসনিম জারা। একই পোস্টে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।
জানা গেছে, জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে তিনি দলীয় পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন। তবে মনোনয়নপত্র বাতিল হওয়ায় তার নির্বাচনী ভবিষ্যৎ এখন আপিলের ওপর নির্ভর করছে।
এ বিষয়ে রিটার্নিং অফিস সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে প্রাপ্ত নির্দিষ্ট ঘাটতি ও বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপিল প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


