
নিজস্ব প্রতিবেদক :
বিএনপি সব সময় জনগণের শক্তিতে বিশ্বাস করে— ক্ষমতার রাজনীতি নয়, বরং দেশের শান্তি, গণতন্ত্র ও ন্যায়বিচারের আন্দোলনে জনগণের পাশে থেকেই কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারায় এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“দেশের সংকটময় সময়ে জনগণই পারে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করতে। বিএনপি কোনো ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করে না, জনগণের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিগত সরকারের দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটে দেশে আজ রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়েছে। এখন সময় এসেছে জাতীয় ঐক্য গড়ে তুলে জনগণের অধিকার ফিরিয়ে আনার।”
সভায় দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান রাজা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


