
স্টাফ রিপোর্টার:
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের শহরের বাসভবন ঘেরাও, বিক্ষোভ, হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, যশোর শহরের নীলগঞ্জ এলাকার আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অধ্যাপক গোলাম রসুলের পরিবারের বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই) মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী ও এক নারীকে মারধরের অভিযোগ ওঠে এমপি গোলাম রসুল ও তাঁর মেয়ে অনন্যার বিরুদ্ধে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে এমপির পরিবার।
অভিযোগ রয়েছে, মঙ্গলবার সকালে মাদ্রাসা খোলার পর সেটি বন্ধ রাখতে বলা হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা ১১টার দিকে স্থানীয়রা এমপির বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে তারা ঘটনার বিচার দাবি করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিক্ষোভ চলাকালে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে এমপির এক স্বজন ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ জনতার একাংশ তাঁকে মারধর করে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এদিকে এমপি গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা দাবি করেন, তাঁদের মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তিনি বলেন, মাদ্রাসা ঘিরে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে অহেতুকভাবে তাঁদের পরিবারের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে এবং বাসভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় অধ্যাপক গোলাম রসুল বলেন, মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়ের কারণে এলাকায় যানজট সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নিয়ে কথা বলার জেরে তাঁর মেয়ের ওপর হামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পরবর্তীতে তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
তিনি আরও বলেন, তাঁর মেয়ে মানসিকভাবে অসুস্থ। তারপরও বিষয়টি বিবেচনায় না নিয়ে উত্তেজনা সৃষ্টি করা হয়েছে। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।
অন্যদিকে, জামায়াতের মিডিয়া উইংয়ের এক বিবৃতিতে দাবি করা হয়েছে, এমপি গোলাম রসুলের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এবং দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। তাঁকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মব সৃষ্টি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।


