
ঝিকরগাছা প্রতিনিধি :
ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নে অবস্থিত গঙ্গানন্দপুর কলেজ কতৃক আয়োজিত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা থানার সহ-সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান এবং থানা কর্ম পরিষদ সদস্য মাওলানা মাহবুবুর রহমান। প্রোগ্রামটি সঞ্চালনা করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক জয়ন্ত কুমার।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষকরা নেতৃত্ব তৈরির কারিগর। তাদের শ্রমের মূল্য টাকা দিয়ে পরিশোধ করা সম্ভব নয়। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে মাদকমুক্ত ও সুরক্ষিত রেখে শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে।”
তিনি আরও বলেন,
“আজ বিশ্ববিদ্যালয়ে যারা মেধা তালিকায় শীর্ষে—তাদের অনেকেই গ্রামাঞ্চলের কলেজ থেকে উঠে আসা শিক্ষার্থী। তাই গ্রামীণ শিক্ষার চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেট বৃদ্ধি জরুরি। বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে শিক্ষা খাতে বাজেট বাড়ানোর দাবি জানিয়ে আসছে। আমরা দায়িত্ব পেলে শিক্ষাখাতে ব্যয় বাড়াবো এবং ইসলামী মূল্যবোধের আলোকে আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করবো।”
সভায় উপস্থিত শিক্ষকরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশ এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। সমাবেশে অংশগ্রহণকারীরা শিক্ষাক্ষেত্রে সার্বিক উন্নয়নে রাজনৈতিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন।


